সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ, মশাল মিছিল ও বাইক শোডাউন করেছে উপজেলা ছাত্রদলের ক্রীড়া পরিষদ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কয়েক শ মোটরসাইকেল নিয়ে মিছিলটি উপজেলার বড়দারোগারহাট থেকে শুরু হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বারইয়ারহাটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
তরিকুর রহমান বাবু ও নাঈম সরকার বলেন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলা ছাত্রদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সর্বদা সজাগ রয়েছে। শান্ত মিরসরাইকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
সদ্য সংবাদ/ এআর