মাদারীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্পে কর্মরত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সার্বিক পেট্রোল পাম্পে হেলমেট পরা একদল দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদারীপুর ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক পেট্রোল পাম্পে অতর্কিত হামলা চালায় হেলমেট পরা একদল ব্যক্তি। হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।
এ সময় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলার সময় পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, তাঁরা তখন বিভিন্ন গাড়িতে জ্বালানি সরবরাহ করছিলেন। হঠাৎ হেলমেট পরা কয়েকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে পাম্পে আসতে দেখেন। তারা তাঁদের উদ্দেশ করে পাম্পের অফিস কক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এই পাম্প তাঁদের রুজি রোজগারের জায়গা। এটি মাদারীপুরের পাশাপাশি দেশেরও একটি সম্পদ। এভাবে ভাঙচুর করা কোনোভাবেই ঠিক হয়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সার্বিক পেট্রোল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
সদ্য সংবাদ/ এআর