প্রেমিকার প্রতি অভিমান, নাকি অন্য কাউকে সতর্ক করার চেষ্টা এমন প্রশ্নের জন্ম দিয়েছে মেহেরপুরের গাংনীতে পাওয়া একটি বোমাসদৃশ বস্তু। কালো টেপে মোড়ানো জর্দার কৌটার গায়ে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ বস্তুটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে জানা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক ছিল না।
রোববার (২২ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার নবীনপুর গ্রামের একটি খেলার মাঠসংলগ্ন নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয়দের নজরে প্রথমে আসে কালো টেপে মোড়ানো বস্তুটি। কাছে গিয়ে এর গায়ে লেখা বার্তাটি দেখতে পান তারা। প্রেমিকাকে উদ্দেশ করে লেখা ওই বাক্যকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়। তবে বস্তুটি দেখতে বোমার মতো হওয়ায় কেউ ঝুঁকি নিতে চাননি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বস্তুটি পরীক্ষা করে দেখা গেছে, সেটির ভেতরে কোনো বিস্ফোরক উপাদান নেই। এটি মূলত জর্দার কৌটা দিয়ে তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যুবক প্রেমিকাকে উদ্দেশ করে বার্তাটি লিখে এমন কাণ্ড ঘটিয়েছেন।
এদিকে ঘটনাটিকে নিছক প্রেমের বার্তা হিসেবে দেখলেও এর মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কে বা কারা এমন কাজ করেছেন, তা নিয়ে চলছে আলোচনা।
এ বিষয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিনের ধারণা, প্রেমের সম্পর্কে অন্য কারও উপস্থিতি অনেক সময় বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতি থেকেই কেউ হয়তো এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
সদ্য সংবাদ/এসএস