চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নড়াইলের দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহের নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং ভারতের উত্তর চব্বিশ পরগনার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। রাহুল বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/ এরআর