শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে করপোরেট জগতের চাহিদার সেতুবন্ধ গড়ে তোলার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল এমবিএ সম্পন্ন করা প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী অংশ নেন। শিল্প, বাণিজ্য, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, ওষুধ ও সেবামূলক খাতের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শূন্য পদের বিপরীতে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ ও প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করে।
সকালে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম ফাহিম মাশরুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। পরে দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলা পরিদর্শন করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, আকিজ গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এসিআই লিমিটেড, বীকন গ্রুপ, ইন্টারটেক, এসজিএস বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস, ইউনিসেফ, পাঞ্জেরী পাবলিকেশন্স, ট্যালি খাতা, ইশিখন ডটকম, ইউএস সফটওয়্যার ও পিপলএনটেক লিমিটেড। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে প্রাইম ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং রেডি টু স্টাডি-এডুকেশন সার্ভিসেস মেলায় অংশ নেয়।
মেলায় আসা শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, চাকরির বাজার সম্পর্কে ধারণা নেওয়া এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান।
আয়োজনটির সহযোগী ছিল দেশের বৃহত্তম অনলাইন চাকরির পোর্টাল বিডিজবস ডটকম লিমিটেড। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল চ্যানেল আই।
সদ্য সংবাদ/ এরআর