‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ২২:১২:৫৮
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন ২০১২ সালের ১৭ এপ্রিল। একই সঙ্গে নিখোঁজ হন তাঁর গাড়িচালক আনসার আলী। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাঁদের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আবারও আলোচনায় এসেছে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর এক সাক্ষ্য। এতে ইলিয়াস আলীকে অপহরণের পরিকল্পনা, তাঁকে তুলে নেওয়ার চেষ্টা এবং পরবর্তী সময়ে কথিত একটি ফোনালাপের বিবরণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ শতাধিক গুম, খুন ও হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষের দাবি, এসব সাক্ষ্য ও কথোপকথনে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে।

মহাখালী ফ্লাইওভারে অপহরণের পরিকল্পনা

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েস একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর জবানবন্দি অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র‌্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান।

কেন সেখানে যাওয়া হয়েছিল কিংবা কাকে গাড়িতে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল, সে বিষয়ে ইমরুল কায়েস কিছু জানতেন না বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়। তবে তিনি লক্ষ করেন, গাড়িতে বসে জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করছেন। টার্গেট ব্যক্তি কখন আসবেন, তা জানতে চাইছেন।

একপর্যায়ে তাঁরা জানতে পারেন, সেদিন টার্গেট ব্যক্তি আসবেন না। পরে সেখান থেকে জিয়াউল আহসানকে বাসায় নামিয়ে দেওয়া হয়। এরপর নয় দিনের ছুটিতে যান ইমরুল কায়েস।

ছুটিতে থাকাকালে গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন, বিএনপি নেতা ইলিয়াস আলী মহাখালী সেতু এলাকা থেকে অপহৃত হয়েছেন।

ছুটি শেষে র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিস্থিতি

নয় দিনের ছুটি শেষে ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক থমথমে পরিস্থিতি দেখতে পান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন ইমরুল কায়েস।

সহকর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অস্ত্রের আসা ও নেওয়ার রেজিস্টার এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া আরও একটি অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করেন তিনি। সাধারণত সকাল ৯টায় ফল ইন বা রোল কল অনুষ্ঠিত হলেও ১৮ এপ্রিল থেকে তা সকাল ৭টায় শুরু হচ্ছিল। জিয়াউল আহসানও পরপর কয়েক দিন ওই ফল ইনে উপস্থিত ছিলেন।

ইমরুল কায়েসের সাক্ষ্য অনুযায়ী, একদিন ফল ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন। তখন তাঁর ফোনে আরেকটি কল আসে। তিনি অপর প্রান্তের ব্যক্তিকে বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’

এরপরই শুরু হয় সেই কথোপকথন, যা রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।

‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম’

ইমরুল কায়েসের জবানবন্দি থেকে উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, সাক্ষীর দাবি অনুযায়ী, জিয়াউল আহসান তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে ফোনে কথা বলছিলেন।

সেই কথোপকথনে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

রাষ্ট্রপক্ষের দাবি, এখানে ‘গলফ’ শব্দটি অপহরণের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে বলেন, ইমরুল কায়েস একজন প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজ কানে জিয়াউল আহসান ও তারিক আহমেদ সিদ্দিকের কথোপকথন শুনেছেন। রাষ্ট্রপক্ষের মতে, ওই কথোপকথনে ইলিয়াস আলীকে অপহরণের বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তির উপাদান রয়েছে।

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

মঙ্গলবার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জিয়াউল আহসানকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বলেন, তাঁর মতো অপরাধীর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল।

রাষ্ট্রপক্ষ জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।

এ মামলায় গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে একাধিক সাক্ষীর জবানবন্দি ও অন্যান্য তথ্য আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

এদিকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।​

সদ্য সংবাদ/ এরআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট