ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তারা সেখানে পৌঁছান। এদিকে প্রতিনিধি দলের আগমন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দুপুর ১টার দিকে আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধি দলটি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নানকের সঙ্গে রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা।
বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে সম্ভাব্য যেসব স্থলপথ ব্যবহার করতে পারেন, সেগুলোর একটি হতে পারে এই সীমান্ত।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে বিকেল ৪টার দিকে স্থলবন্দর এলাকায় অবস্থান নেওয়ার প্রস্তুতি শুরু করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে অবস্থান নেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করেন, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতার চেষ্টা করতে পারে বলে তারা খবর পেয়েছেন।
তিনি জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। অবৈধভাবে কেউ যেন দেশে প্রবেশ করে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে জন্যই তাদের এই অবস্থান।
সদ্য সংবাদ/এসএস