পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। দিনের শুরুতে সূর্যের দেখা মিললেও উত্তরের ঠান্ডা বাতাসে কমছে না শীতের তীব্রতা। বুধবার (২৫ নভেম্বর) সকালে সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্যের আলো দেখা যায়। তবে উত্তরের হিমেল বাতাসের কারণে সকালেও ঠান্ডার অনুভূতি ছিল বেশি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় ভোর ও সন্ধ্যার পর শীতের প্রভাব বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী ও দিনমজুরদের ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতভর হিমেল বাতাসের প্রভাবে ভোরে শীতের অনুভূতি আরও তীব্র হয়। তবে বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি ফিরে আসে।
সদ্য সংবাদ/এজে