পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৮:৪২
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মিত পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালগুলোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাসপাতালে ২০০টি করে শয্যা থাকবে। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের জটিল রোগের চিকিৎসার সুযোগ বাড়বে এবং রাজধানীনির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল পাঁচটি স্থাপন করা হয়েছে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এসব হাসপাতালের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দীর্ঘদিন আগে অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালগুলোতে সেবা চালু করা যায়নি। এবার সেই প্রতিবন্ধকতা কাটিয়ে কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলোর জন্য ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন দেওয়া হয়েছে। এসব পদে চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।

অনুমোদিত পদের মধ্যে রয়েছে পাঁচটি উপপরিচালক, পাঁচটি সহকারী পরিচালক, ১০০টি সিনিয়র কনসালটেন্ট, ২০০টি জুনিয়র কনসালটেন্ট এবং ১০টি আবাসিক চিকিৎসকের পদ। এ ছাড়া ১৫ জন আবাসিক সার্জন, পাঁচজন আবাসিক মেডিকেল অফিসার, ৩২৫ জন মেডিকেল অফিসার, ১০ জন সহকারী ডেন্টাল সার্জন, জরুরি বিভাগের ২০ জন চিকিৎসক এবং অ্যানেসথেশিয়া বিভাগের জন্য ২০টি পদ রাখা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল করতে ইতোমধ্যে পাঁচজন উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। এতে রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

চিকিৎসাসেবার জন্য হাসপাতালগুলোতে আইসিইউ, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে। এরই মধ্যে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

হাসপাতালগুলোর অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানো যায়।

এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়টি বিভাগে অব্যবহৃত অবস্থায় থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশনা দেন। এ সময় হাসপাতালগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়।

পরে ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সংগ্রহের কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাকি প্রস্তুতি শেষ করে নির্ধারিত সময়ে হাসপাতালগুলো চালু করা সম্ভব হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হবে।

সদ্য সংবাদ/এজে

স্বাস্থ্য ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী