আন্তর্জাতিক বাজারে আবারও কমল স্বর্ণের দাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৯:৪৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৪৪ দশমিক ৫৪ ডলারে। একই সময়ে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়।

এর আগের দিন মঙ্গলবারও স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন ঘটে। সেদিন মূল্যবান এই ধাতুর দাম ২ শতাংশের বেশি কমেছিল।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর মুদ্রানীতির অবস্থান এবং ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে এমন প্রত্যাশা স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পিসিইর নতুন তথ্যের দিকে নজর রাখছেন। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে পিসিইকে বিবেচনা করে ফেড।

এই প্রতিবেদনের ফলাফল কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দিতে পারে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। কারণ, তখন তুলনামূলক বেশি মুনাফার সুযোগ থাকা সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ে।

অন্যদিকে পিসিইর তথ্য প্রত্যাশার তুলনায় ইতিবাচক হলে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অ্যাক্টিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্টার মতে, মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কম হলে কঠোর মুদ্রানীতির সম্ভাবনা দুর্বল হতে পারে। এতে ডলারের দর কমার পাশাপাশি স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৬০০ ডলার পর্যন্ত ওঠার সুযোগ তৈরি হতে পারে।

শুধু স্বর্ণ নয়, একই দিনে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ দশমিক ৭৯ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ০.৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ কমে ৮৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ