বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার কোচবিহারের রাসমেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জেলার পুলিশ সুপারকে এ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ সময় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তাদের চিহ্নিত করতে হবে। বিশেষ করে মুসলিম অনুপ্রবেশকারীদের শনাক্ত করে যেসব পথ দিয়ে তারা ভারতে ঢুকেছেন, সেসব পথ দিয়েই ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, ধর্মীয় কারণে নিরাপত্তাহীনতায় ভুগে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার কথা বলেন তিনি।
সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মাদক ও জাল নোট পাচার, গবাদিপশু পাচার এবং নারী সুরক্ষার বিষয়েও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গরু সুরক্ষায় ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
এদিকে রাসমেলা উদ্বোধন অনুষ্ঠানে কোচবিহারের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। উড়ান প্রকল্পের আওতায় বিমানবন্দরের কাজ শেষ করা এবং জমি অধিগ্রহণ করে আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
জেলার শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় স্থানগুলোর সংস্কারের পরিকল্পনার কথাও বলেন মুখ্যমন্ত্রী। কোচবিহার রাজবাড়ির আমলের ২৯টি মন্দিরসহ রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, গৌড়ীয় মঠ এবং রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী স্থানগুলো সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নেও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ দেন শুভেন্দু। যোগ্য নারীদের অন্নপূর্ণা যোজনার সুবিধা এবং গৃহহীনদের প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের আওতায় আনার বিষয়ে নজর দিতে বলেন তিনি।
এ ছাড়া আগামী জানুয়ারি থেকে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য ভরসা প্রকল্প চালুর পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। কোচবিহারের যোগ্য আবেদনকারীরা যাতে এ সুবিধা পান, তা নিশ্চিত করতে স্থানীয় বিধায়কদের নির্দেশ দেন তিনি।
তবে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় এবং মুসলিমদের ফেরত পাঠানোর ক্ষেত্রে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে, সে বিষয়ে বক্তব্যে বিস্তারিত কিছু জানাননি শুভেন্দু অধিকারী।
সদ্য সংবাদ/এসএস