দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা বিএনপির নেতা মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে দলটি। জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মিজানুর রহমান। এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই সঙ্গে দলের অন্য নেতাকর্মীদেরও সতর্ক করেছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো পর্যায়ের নেতাকর্মী সাংগঠনিক যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস