গাজীপুর জেলা পরিষদের আপ্যায়ন বিলের হিসাব নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়েছে। ‘গাজীপুর সিটি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ওই পোস্টে জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমেদ সিদ্দিকী ও প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
পোস্টে দাবি করা হয়, গত ২ আগস্ট ২০২৬ তারিখে জেলা পরিষদের আপ্যায়ন বিলের নামে বিভিন্ন অঙ্কের অর্থ ব্যয় দেখানো হয়েছে। সেখানে আপ্যায়ন বিল, ভ্যাট ও আয়করের হিসাব উল্লেখ করে ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, আপ্যায়ন বিলের পরিমাণ ২ হাজার ৯৯৮ টাকা, ভ্যাট ৬ হাজার ২৩৫ টাকা এবং আয়কর ৩ হাজার ১১৭ টাকা। এসব অঙ্কের হিসাব কীভাবে নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পোস্টে প্রশ্ন করা হয়, আপ্যায়ন বিলের তুলনায় ভ্যাট ও আয়করের অঙ্ক বেশি হওয়ার কারণ কী? তবে উল্লিখিত অর্থের হিসাব কোন ধরনের বিল, কর নির্ধারণের ভিত্তি কিংবা সংশ্লিষ্ট নথির ওপর নির্ভর করে তৈরি হয়েছে, তা পোস্টে বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি।
এ ছাড়া পোস্টটিতে জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নকাজের বিল থেকে ১০ শতাংশ কমিশন নেওয়া এবং রাস্তা, মসজিদ ও মাদ্রাসাসংক্রান্ত কাজের অর্থ ছাড়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস