দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
স্বর্ণালঙ্কার কেনাবেচার ক্ষেত্রে বাজুসের নির্ধারিত কিছু নিয়মও বহাল রয়েছে। অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে কমল স্বর্ণের দাম।
বাজুসের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়।
সদ্য সংবাদ/এজে