এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন মানেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আমেজ। কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে শিক্ষার্থীদের উল্লাস, অভিভাবকদের আনন্দ আর সহপাঠীদের সঙ্গে মিষ্টিমুখ সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। তবে এবারের ফল প্রকাশের দিনে রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। ফল প্রকাশ হলেও ক্যাম্পাসে ছিল না শিক্ষার্থী-অভিভাবকদের চিরচেনা ভিড় কিংবা আনন্দ-উচ্ছ্বাস।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। ফল জানার অপেক্ষায় অনেকেই ভিড় করেন নিজ নিজ প্রতিষ্ঠানে। কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চিত্র ছিল অনেকটাই নীরব।
সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। তাদের প্রত্যাশা ছিল, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রতিক্রিয়া এবং আনন্দঘন মুহূর্তের চিত্র তুলে ধরবেন। কিন্তু বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরও ক্যাম্পাসে শিক্ষার্থী কিংবা অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েনি।
সাধারণত ফল প্রকাশের দিনে এ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ বন্ধুদের সঙ্গে ফল মিলিয়ে দেখেন, কেউ আবার কাঙ্ক্ষিত জিপিএ পেয়ে আনন্দে মেতে ওঠেন। অভিভাবকদের চোখেমুখেও থাকে সন্তানের সাফল্যের উচ্ছ্বাস। তবে এবার সেই পরিচিত দৃশ্যের অনুপস্থিতি নজর কেড়েছে।
ক্যাম্পাসের এমন নীরবতায় গণমাধ্যমকর্মীদেরও অপেক্ষা করতে হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিক্রিয়ার জন্য। কিন্তু দীর্ঘ সময়েও দেখা মেলেনি সেই চেনা কোলাহল। ছিল না মিষ্টি বিতরণ কিংবা ফলাফল ঘিরে শিক্ষার্থীদের দলবেঁধে আনন্দ করার দৃশ্য।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফলাফল ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যখন নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ছিল ব্যতিক্রমী নীরবতা।
ফল প্রকাশের দিন ভিকারুননিসার এই ভিন্ন চিত্র নতুন করে মনে করিয়ে দিল, প্রতিটি ফলাফলের পেছনে থাকে শিক্ষার্থীদের প্রত্যাশা, পরিশ্রম আর পরিবারের স্বপ্ন।
সদ্য সংবাদ/এসএস