উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় দুই ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
এর আগে স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ইসরায়েলি সেনাদের গুলিতে সেখানে দুই ফিলিস্তিনি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরাও জানিয়েছিল, বেইত লাহিয়ায় একদল মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালালে দুই ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও কয়েকজন।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত দুই ব্যক্তি ‘হুমকি’ দেওয়ার পর তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করেছিলেন। এরপর তাদের গুলি করে হত্যা করা হয়। এই ‘ইয়েলো লাইন’ হলো ইসরাইল-অধিকৃত সামরিক সীমারেখা, যা ফিলিস্তিনিদের অতিক্রমের অনুমতি নেই।
সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উপগ্রহচিত্রে দেখা গেছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই সীমারেখা তৈরিতে ব্যবহৃত হলুদ কংক্রিটের ব্লকগুলো গাজা উপত্যকার আরও ভেতরের দিকে সরিয়ে নিচ্ছে। এর ফলে ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ এলাকায় ইসরায়েলি নিয়ন্ত্রণ বিস্তৃত হচ্ছে।
গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই বেইত লাহিয়ায় দুই ফিলিস্তিনি নিহত হলেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ অব্যাহত থাকার অভিযোগও রয়েছে।
সদ্য সংবাদ/ এআর