ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন নারী প্রার্থীরা। মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয়ী হয়েছেন তাঁরা। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পেলেন নাশরা নাইম।
শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর বিষয়টি সামনে আসে। ভিপি পদে নাশরা নাইম পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে পড়েছে ৫ হাজার ৮১৮ ভোট।
শুধু ভিপি পদেই নয়, কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে পাঁচটিতেও জয় পেয়েছেন নারী প্রার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে।
অন্যদিকে, ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। চার হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পান তিনি। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
দীর্ঘ আট বছর বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। নির্বাচন আয়োজনের দাবিতে টানা তিন বছর আন্দোলনও করেছিলেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, এবারের নির্বাচনে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রতিফলন দেখা গেছে। প্রচারণায় শুধু ক্যাম্পাসের সমস্যা নয়, ভারতের সামগ্রিক রাজনীতি এবং মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ও গুরুত্ব পেয়েছে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি এই ফলাফলকে প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নারী প্রার্থীদের সাফল্য ও নেতৃত্বে অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, পুরো নির্বাচনি প্রক্রিয়ায় কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য জয়কে ক্যাম্পাস রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে