দীর্ঘদিনের অনাবৃষ্টি কাটিয়ে কাঙ্ক্ষিত বৃষ্টির প্রত্যাশায় বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির লুসাইল এলাকায় সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ আদায় করেন তিনি।
ইসলামি রীতি অনুযায়ী, দীর্ঘ সময় বৃষ্টিপাত না হলে মহান আল্লাহর রহমত কামনায় মুসলমানরা জামাতে এই বিশেষ নামাজ আদায় করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই কাতারে এ আয়োজন করা হয়।
নামাজ ও খুতবা শেষে কাতারের আমির নিজের পরিহিত ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’ উল্টে নেন। ইসলামের বর্ণনা অনুযায়ী, বৃষ্টির নামাজের পর পোশাক উল্টে পরার মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন ও আল্লাহর কাছে রহমত কামনার প্রতীকী প্রকাশ ঘটে।
এ আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। খরা ও শুষ্ক আবহাওয়ার অবসান ঘটিয়ে জনজীবনে স্বস্তি ফিরে আসবে এমন প্রত্যাশা থেকেই এই ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন কাতারের আমির।
সূত্র: দোহা নিউজ।
সদ্য সংবাদ/এসএস