বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় সাংবাদিক ও রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় টকশো ‘ফ্যাক্টচেক’-এ অংশ নিয়ে নিজের বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে তাঁদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন উর রশীদ। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এবং ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে নিজের অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা দেন ময়ূখ।
তিনি বলেন, জাতীয়তাবাদী বিশ্বাস থেকে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। তবে আব্দুন নূর তুষারের বক্তব্যের প্রশংসা করে ময়ূখ জানান, তাঁর মতো বিচক্ষণ ব্যক্তিদের কথায় একটি বিষয় তাঁর মনে হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের কিছু মানুষ কথা বলা বন্ধ রেখেছিলেন।
এরপর বাংলাদেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, তাঁর কোনো বক্তব্যে দেশের বিবেচক মানুষ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তাঁর কথায় কারও মনে কষ্ট তৈরি হয়ে থাকলে সেটির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। তাঁর উপস্থাপনা ও বক্তব্যের ধরন নিয়েও সমালোচনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশকে ঘিরে তাঁর কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ইটিভির ‘ফ্যাক্টচেক’ অনুষ্ঠানে এবার সেই ময়ূখ রঞ্জন ঘোষের মুখেই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বক্তব্য উঠে এলো।
সদ্য সংবাদ/এসএস