সরকারি ১৮টি বাড়ি বিনা দরপত্রে বিক্রির অভিযোগে করা দুর্নীতির ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, যথাযথ দরপত্র প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আর্থিক ক্ষতি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। রায়ে মির্জা আব্বাসকে সবগুলো মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা ১৫টি দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো।
সদ্য সংবাদ/এসকে