কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহায় সরকারি সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও কাতারের শ্রম ও জনশক্তি খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনৈতিক অগ্রগতি ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নেওয়ার সুযোগ আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে উভয় দেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কাতারের বিভিন্ন খাতে বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োজিত রয়েছেন। নতুন করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের মধ্যে এ ধরনের আলোচনা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
সদ্য সংবাদ/এসকে