গত দুই দশকে দেশে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি নানা সংকটে ছিল। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নাগরিক সেবার পরিধি বাড়াতে কাজ করছে সরকার।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে সরকারের।
এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে