নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের মুহূর্ত থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না। শপথ নেওয়ার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। ফলে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে এবং পরবর্তী সময়ে ওই আসনে নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তির আগের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ বহাল থাকার সুযোগ নেই। তাই শপথের সঙ্গে সঙ্গেই ওই পদগুলো শূন্য হয়ে যাবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট দেওয়া নিয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দলই বলতে পারবে তিনি ভোট দেবেন কি না।
বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, তিনি যেহেতু সংসদ সদস্য, তাই রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
সদ্য সংবাদ/এসকে