বাংলাদেশের পুলিশবাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিএনপির স্থায়ী কমিটিরও সদস্য।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশবাহিনীকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চলছে, যেখানে জনগণের প্রত্যাশার প্রতিফলন থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ ভবিষ্যতে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে উঠবে।
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের আইনি কাঠামোতেও প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। পাশাপাশি বাহিনীগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, রংপুরে সংঘটিত একটি ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। একইভাবে রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আলোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আলোচিত অপরাধগুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, অভিযুক্তদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে সরকারের দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসকে