জাতীয় সংসদের চলমান অধিবেশনে সংসদ সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সব সদস্যকে বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে ঘিরে উত্তেজনার পর স্পিকার এসব কথা বলেন।
বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে সংসদকক্ষে হইচই ও বাগবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতা সংসদের কার্যক্রমের জন্য ইতিবাচক নয়। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
স্পিকার বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে সংসদীয় কার্যপ্রণালির নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংসদে কে কখন কথা বলবেন এবং স্পিকার বক্তব্য দেওয়ার সময় সদস্যদের কীভাবে আচরণ করতে হবে এসব বিষয়ে নির্ধারিত বিধি মেনে চলার ওপর জোর দেন তিনি।
নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রায় চার দশকের অভিজ্ঞতা থেকে অতীতের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সংসদকে আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করার জন্য সব সংসদ সদস্যের সহযোগিতা চান তিনি।
এর আগে প্রশ্নোত্তর পর্বে হাসনাত আবদুল্লাহর প্রশ্নের ধরন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর বিরোধী সদস্যরা প্রতিবাদ জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রীও তার বক্তব্যের ব্যাখ্যা দেন এবং কথা বলার সুযোগ নিশ্চিত করার কথা বলেন।
বিরোধীদলীয় পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে স্পিকার হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
শেষ পর্যন্ত সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সদস্যদের প্রতি সহনশীলতা ও পারস্পরিক সম্মান প্রদর্শনের আহ্বান জানান স্পিকার।
সদ্য সংবাদ/এসএস