গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট এবং উচ্চমূল্যের এলএনজি আমদানির চাপের মধ্যে দেশে আবারও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজারের মাতারবাড়ী ও পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট করে দুটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতোমধ্যে প্রকল্প দুটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দুটি কেন্দ্র নির্মাণে মোট ব্যয় ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কক্সবাজারের মাতারবাড়ীতে প্রস্তাবিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি নির্মাণে আনুমানিক ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরি করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, মাতারবাড়ীতে বিদ্যুৎ সঞ্চালনের অবকাঠামো আগে থেকেই রয়েছে। এ কারণে নতুন কেন্দ্র স্থাপনের জন্য এলাকাটিকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। বিদেশি অর্থায়ন নিশ্চিত করা সম্ভব না হলে সরকারি অর্থায়নেও প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, পটুয়াখালীর পায়রায় দ্বিতীয় পর্যায়ে আরও ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে অর্থায়নের জন্য চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের সহযোগিতা নেওয়ার উদ্যোগ চলছে।
বিদ্যুৎ বিভাগ ও বিপিডিবির কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় ব্যয় ও জ্বালানি সরবরাহ- দুই দিকেই চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কয়লাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিপিডিবির হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট স্থাপিত সক্ষমতা প্রায় ৬ হাজার ৬৯০ মেগাওয়াট। প্রস্তাবিত দুটি কেন্দ্র চালু হলে এই সক্ষমতা বেড়ে প্রায় ৯ হাজার ৩৩০ মেগাওয়াটে দাঁড়াবে।
তবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যতে দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হবে কি না- এসব বিষয়ও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সদ্য সংবাদ/এসকে