দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির বিষয় ছিল ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ’।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে। দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।
বিএনপির প্রচার সম্পাদক টুকুর অভিযোগ, একটি গোষ্ঠী বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার দাবি, জনগণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া ওই গোষ্ঠী অতীতে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল এবং এখন আবার বিভিন্ন কৌশলে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, যারা অতীতে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
টুকু আরও বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়। জনগণের দাবি ও অধিকার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিগত সরকার দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই পরিস্থিতি থেকে দেশ পরিচালনার দায়িত্ব বর্তমান সরকারের ওপর এসেছে। জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সদ্য সংবাদ/এসকে