মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারের মতো পদক্ষেপ নিতেও পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, কে দেশে ফিরবেন বা এ নিয়ে কী ঘটবে, তা নির্ধারণ করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন করাই পুলিশের কাজ। পরিস্থিতি অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আইন মেনেই তা করা হবে বলে জানান তিনি।
পুলিশের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মো. আলী হোসেন ফকির বলেন, পুলিশ কঠোর ব্যবস্থা নিলে এক ধরনের সমালোচনা হয়, আবার নিষ্ক্রিয় থাকলেও দুর্বলতার অভিযোগ ওঠে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে কথা বলেন আইজিপি। তাঁর ভাষ্য অনুযায়ী, পতিত আওয়ামী লীগের কিছু ব্যক্তি এবং পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে।
পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি জানান, গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবিলায় আগে নিজেদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুলিশ জনগণের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করছে। এসব লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
সদ্য সংবাদ/এসএস