ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিকিৎসাসেবা ও রোগ নির্ণয়ের সুবিধা বাড়ানোর লক্ষ্যে চালু হয়েছে সিরাজ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (৬ নভেম্বর) সকালে পৌরসভার টিএন্ডটি অফিস সংলগ্ন প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন পরিচালক ডা. মো. আলাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ খান, আখাউড়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সাবেক সভাপতি মোহাম্মদ কবীর, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন জীবনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. আলাউদ্দিন ভূঁইয়া জানান, রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এখানে ইসিজি ও আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেবা চালু করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও থাকবে।
তিনি আরও জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
স্থানীয় পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এজে