নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেওয়ার পাশাপাশি ডান পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন।
পরিবার সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন আবুল কালাম। সম্প্রতি তাঁর সহযোগিতায় মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
পরিবারের অভিযোগ, ঘটনার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থান করা ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত পুলিশ সদস্যের বাবা আব্দুল মালেক অভিযোগ করেন, তাঁর ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা প্রথমে তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেয়। পরে মাটিতে পড়ে থাকা অবস্থায় ডান পায়ের রগ কেটে দেয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্য আবুল কালাম। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস