চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এ মিছিল বের করা হয় বলে জানা গেছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে কয়েকজন যুবককে হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়। ‘মোহাম্মদ ইফতু’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে, ৫ আগস্টের পর বোয়ালখালীতে যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে এটি প্রথম অবরোধ ও মশাল মিছিল।
এদিকে ঘোষিত অবরোধ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়। দিনভর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে থেকে টহল দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে অবরোধের নামে নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে সন্ধ্যায় ‘বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে মোটরসাইকেল মিছিল বের করা হয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এজে