ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের মুরসালিন (২৩) ও নূরুল (২৫)।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাতে ট্রেনটির শান্টিং কার্যক্রম চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রায় এক ঘণ্টা দেরিতে ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিং চলাকালে দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনাস্থল থেকে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিসংযোগের পেছনের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এজে