অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশে আবার রাজনীতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে কেউ জনগণের মনোভাব বুঝতে পারেনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত রয়েছে।
সরকারের বিচারিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার যে সংস্কৃতি ছিল, সেখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা চলছে।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সরকারের শুধু নেতিবাচক দিকগুলোই নয়, নাগরিকদের অধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ এবং ইতিবাচক কাজগুলোও সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। তবে সরকারের কোনো কাজে নেতিবাচক দিক থাকলে তা প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে। রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়, আবার সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশেও কোনো বাধা থাকা উচিত নয়।
সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। তাঁর মতে, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের দ্বারস্থ হয়। তাই সাংবাদিকদের প্রতি মানুষের এই আস্থা ও বিশ্বাস অটুট রাখা জরুরি। সাংবাদিকতাকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে পেশাগত দায়িত্বশীলতার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ।
সদ্য সংবাদ/এজে