দেশের রাজনৈতিক অঙ্গনে পতিত স্বৈরাচারী শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, বিদেশে অবস্থান করে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে জনগণের সম্মিলিত প্রতিরোধে এ ধরনের অপচেষ্টা সফল হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেম-বিদ্বেষী ও পরনির্ভরশীল কোনো শক্তি আবারও রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে দেশের মানুষের মধ্যে ঐক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকাকে স্বাভাবিক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আদর্শের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যের বিকল্প নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সম্মিলিত অবস্থান তৈরি হয়েছিল, তা পুনরায় শক্তিশালী করতে হবে। এই ঐক্যের ভিত্তিতেই একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী আয়োজিত বার্ষিক মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। শুক্রবার দ্বিতীয় দিনের আয়োজন ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে।
সদ্য সংবাদ/এজে