দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আদর্শের পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, ওই আন্দোলনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলা এবং আওয়ামী লীগ সরকারের সময়কার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে শারমিন আক্তারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পর দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় মহিলা দলের অনুমতি নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
বহিষ্কারের ফলে শারমিন আক্তার রিতা যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদকের পদসহ মহিলা দলের সব পর্যায়ের দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ হারিয়েছেন। আদেশ জারির দিন থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে সংগঠনের কোনো পদবি, পরিচয় বা দায়িত্ব ব্যবহারের সুযোগ তাঁর থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এজে