ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর মতে, প্রতিমন্ত্রীর বক্তব্যের অধিকাংশই যথার্থ হলেও একটি জায়গায় ভুল রয়েছে। উপহার কিংবা অন্য কোনো নামে ঘুষের লেনদেনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ইশরাক।
তিনি বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশের সঙ্গে তিনি একমত। বিশেষ করে জনগণের করের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করার বিষয়ে তাঁর বক্তব্য সঠিক। তবে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার নেওয়ার বিষয়টিকে ঘুষ হিসেবে বিবেচনা না করার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।
ইশরাকের ভাষ্য, কোনো লেনদেনকে উপহার বা অন্য কোনো নামে অভিহিত করলেও তা যদি ঘুষের পর্যায়ে পড়ে, তাহলে সেটি অবৈধ ও অনৈতিক। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দল অবৈধ ও অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না। প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য তাঁর ব্যক্তিগত মত হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এমন অবস্থান সমর্থন করে না বলে মনে করেন তিনি। এ কারণে বক্তব্যটি ব্যক্তিগত অভিমত হিসেবে সংবাদমাধ্যমে তুলে ধরা উচিত ছিল বলেও মন্তব্য করেন সংসদ সদস্য।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
সেখানে তিনি বলেন, কোনো ঠিকাদার কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পাওয়ার পর নিজের লাভের অংশ থেকে সন্তুষ্ট হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ হিসেবে দেখা উচিত নয়। এ ধরনের উপহার গ্রহণের বিষয়টি নতুন করে বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।
প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পর তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোচনা-সমালোচনা শুরু হয়।
সদ্য সংবাদ/এজে