রাজশাহী কলেজের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। দুজনই একে অপরকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলার পাশাপাশি ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশের বিষয়ে সতর্ক করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) ফেসবুকে পৃথক পোস্টের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন তারা। পরে বিষয়টি নিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যায়।
জান্নাতুল ফেরদৌস পিয়া তাঁর পোস্টে প্রীতি চৌধুরীর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, প্রীতি অতীতে ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়েও যোগাযোগ করেছিলেন। এ সময় রাজশাহী কলেজ ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত সভাপতি রসিক দত্তের সঙ্গে প্রীতির যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন পিয়া।
নিজের দাবির সমর্থনে মেসেঞ্জারে কথোপকথনের কিছু স্ক্রিনশট পরবর্তী সময়ে প্রকাশ করার কথাও জানান তিনি।
পিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা পোস্ট দেন প্রীতি চৌধুরী। তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁকে এ ধরনের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি। রাজশাহী কলেজে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগও তিনি নাকচ করেন।
প্রীতি আরও অভিযোগ করেন, পিয়া বিভিন্ন মেয়েকে মেসেজের মাধ্যমে রসিক দত্তের সঙ্গে তাঁর যোগাযোগ ও সম্পর্কের বিষয়ে জানতে চাইতেন। একই সঙ্গে পিয়ার বিষয়ে তাঁর কাছে থাকা কিছু স্ক্রিনশট প্রকাশের ইঙ্গিত দেন তিনি।
এদিকে বিষয়টি নিয়ে প্রীতির পক্ষ নিয়ে ফেসবুকে বক্তব্য দিয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের নেতারাও। সংগঠনটির সিনিয়র আহ্বায়ক জুবায়ের রশিদ দাবি করেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নারীদের মধ্যে প্রীতি অন্যতম। তাঁকে ভয় দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন। তিনি জুলাই আন্দোলনে প্রীতির ভূমিকার প্রশংসা করেন।
এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এবং ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে উভয় পক্ষের উত্থাপিত অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সদ্য সংবাদ/এসকে