কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডা. তাসনিম জারা। একই সঙ্গে নুসরাতের প্রতি সংহতি জানিয়ে তাকে একা না ভাবার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তাসনিম জারা।
পোস্টে তিনি বলেন, মানুষের বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়ে রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন, তাদের ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে নিজেদের অবস্থান তৈরি করা যাবে না।
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। তার মতে, এ ধরনের সহিংসতা শুরুতেই নিয়ন্ত্রণ করা না গেলে তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাসনিম জারা সরকারের দায়িত্বের বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো অবহেলা গ্রহণযোগ্য নয়।
পোস্টের শেষাংশে নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি প্রকাশ করে তাসনিম জারা লেখেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।’
সদ্য সংবাদ/এসএস