যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজেরাই যখন যুদ্ধের শিকার, তখন কীভাবে দায়িত্ব পালন করেন সাংবাদিকেরা? আবার সংঘাতের মধ্যে অবস্থান করার কারণে তাঁদের সংবাদ ও প্রত্যক্ষ অভিজ্ঞতা যখন প্রশ্নবিদ্ধ করা হয়, তখন সেই পরিস্থিতি মোকাবিলা করেন কীভাবে? এসব প্রশ্নের উত্তর উঠে এসেছে ‘ইনসাইড গাজা’ নামের একটি প্রামাণ্যচিত্রে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিরগাজায় কর্মরত সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। এতে উঠে এসেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সময় গাজায় আটকা পড়া সাংবাদিকদের জীবন ও পেশাগত লড়াইয়ের চিত্র।
প্রামাণ্যচিত্রটির পরিচালক হেলেন লাম ত্রং। এতে দেখানো হয়েছে, একদিকে ইসরায়েলের সামরিক অভিযানের সংবাদ সংগ্রহ, অন্যদিকে নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা—দুই দিক সামলাতে গিয়ে কী কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিকেরা। তাঁদের চোখের সামনেই ধ্বংস হয়েছে বসতবাড়ি ও শহর। প্রাণ হারিয়েছেন পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘দ্য আমেরিকান ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী হয়। এ সময় এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলেন লাম ত্রং বলেন, সাধারণত আন্তর্জাতিক সংবাদদাতারা কোনো যুদ্ধ বা বড় ঘটনা কাভার করে পরে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন। কিন্তু গাজার ফিলিস্তিনি সাংবাদিকদের সেই সুযোগ ছিল না। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। সেখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরাও যুদ্ধের সরাসরি শিকারে পরিণত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে নিয়ে যায় হামলাকারীরা।
এরপর গাজা উপত্যকার সীমান্ত বন্ধ করে দেয় ইসরায়েল। আন্তর্জাতিক সাংবাদিকদেরও সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। শুরু হয় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান। এতে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩ হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।
গাজায় নতুন করে সাংবাদিকদের কোনো দল পাঠাতে না পারায় স্থানীয় কর্মীদের ওপরই নির্ভর করতে হয় এএফপিকে। তাঁদের মধ্যে ছিলেন অভিজ্ঞ প্রতিবেদক, আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক। তাঁদের অনেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে গাজার পরিস্থিতি, ধ্বংসযজ্ঞ ও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন তাঁরা।
হেলেন লাম ত্রং বলেন, এসব সাংবাদিকের পাঠানো সংবাদ, ছবি ও ভিডিও এএফপির মাধ্যমে বিশ্বের হাজারো সংবাদমাধ্যমে পৌঁছেছে। তাঁরা কাজ না করলে গাজার ভেতরে কী ঘটছে, সে সম্পর্কে বাইরের বিশ্বের জানার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যেত।
মাঠপর্যায়ে সাংবাদিকদের ধারণ করা ছবি, ভিডিও এবং গাজা ছাড়ার পর তাঁদের দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে। এতে সাংবাদিকেরা তাঁদের পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি সংবাদ প্রকাশ নিয়ে হতাশার কথাও তুলে ধরেছেন। তাঁদের সংগ্রহ করা অনেক ছবি ও প্রতিবেদন প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আবার কিছু ছবি ও সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ বা প্রচার করা হয়নি।
প্রামাণ্যচিত্রের একটি অংশে নিহত এক শিশুর ছবি নিয়ে অপপ্রচারের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের ভাষ্য, শিশুটির মরদেহের প্রকৃত ছবিকে পুতুল সাজিয়ে তোলা হয়েছে বলে প্রচার চালিয়েছিলেন ইসরায়েলপন্থী প্রচারকেরা।
গাজায় এএফপির ব্যুরোপ্রধান আদেল জানুন বলেন, এএফপির ছবি, সংবাদ প্রতিবেদন ও ভিডিও বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম ব্যবহার করে। কিন্তু এই যুদ্ধে তাঁদের ধারণ করা অনেক ছবি কোথাও প্রকাশ করা হয়নি। বিষয়টি তাঁদের উদ্বিগ্ন ও আতঙ্কিত করেছিল। কারণ, যুদ্ধের প্রথম দিন থেকেই হাজার হাজার ফিলিস্তিনির প্রাণহানির ঘটনা সংবাদমাধ্যমে যথাযথ গুরুত্ব পাচ্ছিল না।
গাজায় নিহত প্রায় ২০০ সাংবাদিক
বর্তমানে প্রচলিত সংবাদমাধ্যমের প্রতি মানুষের আগ্রহ কমছে। অনেকেই যাচাই-বাছাইহীন তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভর করছেন। একই সঙ্গে নিজেদের অপছন্দের সংবাদ প্রকাশ করায় বিভিন্ন সংবাদমাধ্যমকে আক্রমণ করছেন রাজনীতিকেরা। এমন পরিস্থিতিতে সাংবাদিকেরা কীভাবে সংবাদ সংগ্রহ করেন এবং এ কাজে তাঁদের কী ধরনের ঝুঁকি নিতে হয়, তা সাধারণ মানুষের জানা প্রয়োজন বলে মনে করেন হেলেন লাম ত্রং।
সাংবাদিকদের জন্য গাজায় সংবাদ সংগ্রহ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে তাঁরাই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন।
গাজায় এএফপির কার্যালয় থেকেও সংবাদমাধ্যমের গ্রাহকদের জন্য সরাসরি সম্প্রচার করা হতো। যুদ্ধের মধ্যে কার্যালয়টি হামলার শিকার হয়। এএফপি ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের যৌথ তদন্তে বলা হয়েছে, সম্ভবত ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
হেলেন লাম ত্রং বলেন, গাজায় সাংবাদিকতা ও সাংবাদিকেরা এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছেন। সেখানে সাংবাদিকদের হত্যা, হামলা ও নিপীড়নের শিকার হতে হয়েছে। মাঠপর্যায়ে থেকে সংবাদ সংগ্রহ করার পরও তাঁদের প্রচারযন্ত্রের অংশ হিসেবে অভিযুক্ত করা উচিত নয়।
আলবেয়ার লন্দ্র পুরস্কারপ্রাপ্ত হেলেন লাম ত্রং আশা করছেন, আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার পাওয়া প্রামাণ্যচিত্রটি সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে ভূমিকা রাখবে। প্রামাণ্যচিত্রটি অস্কারের জন্য বিবেচিত হওয়ার যোগ্যতাও অর্জন করেছে। আলবেয়ার লন্দ্র পুরস্কারকে অনেকেই ফ্রান্সের পুলিৎজার পুরস্কার হিসেবে বিবেচনা করেন।
হেলেন লাম ত্রং বলেন, পুরস্কারের মৌসুম হলিউডের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা এখন হুমকির মুখে। তাই শুধু সাংবাদিকতা নয়, সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষাও নিশ্চিত করা জরুরি।
এএফপির কর্মীরা ২০২৪ সালে গাজা ছেড়ে যান। তবে বিশ্বস্ত ফ্রিল্যান্স সাংবাদিকদের মাধ্যমে সংস্থাটি এখনো ওই অঞ্চলের নিরপেক্ষ সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছে।
সদ্য সংবাদ/ এআর