প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ০০:২১:০৮
ছবি: সংগৃহীত

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করতে ১৩ জন নেতার নামের তালিকা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক পরিচয় ও জীবনযাপন সম্পর্কেও খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা নির্বাচন করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে অবগত এবং এর সঙ্গে যুক্ত ছয়জন নেতার সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তবে তাঁদের কেউই নতুন কমিটি ঘোষণার সময় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তাঁদের বক্তব্যের সারকথা, কমিটি কবে ঘোষণা করা হবে, তা প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানেন না।

এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলেও এসেছে নতুন নেতৃত্ব। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের তৎপরতাও চলছে। তবে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। এতে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

বিদায়ের বার্তার পরও অপেক্ষা

রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গত ১৩ আগস্ট রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় কেন্দ্রীয় কমিটির অন্য তিন শীর্ষ নেতাও তাঁদের সঙ্গে ছিলেন।

সাক্ষাতের পর ওই রাতেই ফেসবুকে বিদায়ের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন সভাপতি রাকিবুল ইসলাম। তিনি লেখেন, ‘জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলেও প্রত্যাশা জানান তিনি। পরদিন ১৪ আগস্ট সকালে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ফেসবুকে লেখেন, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন।’

দুই নেতার এসব পোস্টের পর সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে দ্রুত নতুন কমিটি ঘোষণার প্রত্যাশা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণা আসেনি। ফলে বিদায়ের প্রস্তুতি নেওয়া নেতাদেরই এখনো সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

বর্তমান কেন্দ্রীয় কমিটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিদায় নিয়ে এসেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু নতুন কমিটি হচ্ছে না। কী যে অপমান-অপদস্থ অবস্থার মধ্যে আছি! কেউ কথাও শুনছে না!’


নিয়মিত শিক্ষার্থী, নাকি অভিজ্ঞ নেতৃত্ব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কাছে জমা রয়েছে। অন্য একটি সূত্রের ভাষ্য, শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে ১৩ জন নেতার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁদের অতীত কর্মকাণ্ড, পরিবারের রাজনৈতিক পরিচয় ও বর্তমান জীবনযাপনসহ বিভিন্ন বিষয় যাচাই করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে। তবে ওই ১৩ জনের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে দুটি মত রয়েছে। একটি অংশ নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের পক্ষে। তাঁদের যুক্তি, অন্য ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বে নিয়মিত শিক্ষার্থীরা আসছেন। ছাত্রদলের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। অন্যদিকে নীতিনির্ধারণী পর্যায়ের আরেকটি অংশ কেন্দ্রীয় নেতৃত্বে তুলনামূলক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের রাখতে চায়। এই দুই অবস্থানের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় কমিটি গঠন বিলম্বিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শীর্ষ পদে সম্ভাব্য নেতা হিসেবে আলোচনায় থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নতুন কমিটি নিয়ে অন্ধকারে আছি।’ তাঁর ভাষ্য, আগে কমিটি গঠনের প্রক্রিয়ায় যাঁরা যুক্ত থাকতেন, তাঁদের কাছ থেকেও কমিটি ঘোষণার সময় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সবাই বলছেন, বিষয়টি প্রধানমন্ত্রী ভালো জানেন।


পদপ্রত্যাশীদের দুশ্চিন্তা

কমিটি ঘোষণায় বিলম্বের পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি আগে গঠিত হওয়ার সম্ভাবনাও ছাত্রদলের পদপ্রত্যাশীদের একাংশকে ভাবাচ্ছে। সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য, অতীতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর বাদ পড়া নেতাদের কাউকে কাউকে যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলে দায়িত্ব দেওয়া হতো। এর ফলে ছাত্ররাজনীতি শেষ করার পর তাঁদের অন্য সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হতো। এবার ওই দুই সংগঠনের কমিটি আগে গঠিত হলে ছাত্রদলের নেতৃত্বে জায়গা না পাওয়া নেতাদের কোথায় যুক্ত করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

এক পদপ্রত্যাশী নেতা জানান, অনুসারীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা ধরে রাখতে নিয়মিত অর্থ ব্যয় করতে হয়। দীর্ঘ অপেক্ষায় সেই চাপও বাড়ছে। শেষ পর্যন্ত কমিটিতে জায়গা না পেলে অনুসারীদের কীভাবে সামলাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা।


সাংগঠনিক কাজে অনিশ্চয়তার প্রভাব

শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে অপেক্ষা দীর্ঘ হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কাজের পরিবর্তে পদপ্রত্যাশীদের তৎপরতা কমিটিকেন্দ্রিক হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংগঠনটির একাধিক নেতা।

বর্তমান কমিটির শীর্ষ এক নেতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ছাত্রদলের নেতা-কর্মীদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া এবং সমন্বিতভাবে কাজ করার স্বার্থে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা দূর করা প্রয়োজন।


নতুন কমিটির ঘোষণা না এলেও আগামীকাল শনিবার গুলশানে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির শীর্ষ এক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কর্মশালায় কেন্দ্রীয় কমিটির শীর্ষ কয়েকজন নেতা, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১০টি মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশ নেওয়ার কথা রয়েছে। ক্ষমতায় আসার আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেগুলোর বাস্তবায়ন সম্পর্কে তাঁদের জানানো হবে। পরে তাঁরা নিজ নিজ ক্যাম্পাস ও ইউনিটে এসব তথ্য তুলে ধরবেন।

ওই নেতা আরও জানান, কর্মশালায় প্রশিক্ষকেরা বিভিন্ন অধিবেশন পরিচালনা করবেন। মন্ত্রিসভার সদস্যদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন বলে তাঁদের জানানো হয়েছে।

ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে সংশ্লিষ্ট একাধিক নেতার কাছে আনুষ্ঠানিক বক্তব্য চাওয়া হলেও কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সূত্র: প্রথম আলো​


সদ্য সংবাদ/ এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’