পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারকে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বোদা উপজেলার পাঠানপাড়া এলাকার আলী আজগরের স্ত্রী মাহমুদা আলম (৩০) ও তাঁর মেয়ে সম্প্রীতি (৯)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি থ্রি-হুইলার জান্নাত পেট্রলপাম্পের সামনে যাত্রী ওঠানোর জন্য গতি কমায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/ এআর