আগামী ডিসেম্বরেই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে চলমান আলোচনার মধ্যেই শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছেন আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। তাঁর বক্তব্য অনুযায়ী, ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা শামীম ওসমানকে আগামী ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন। বিষয়টি উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার নিজের শারীরিক অবস্থার কারণেই কি ভারত তাঁকে বাংলাদেশে ফিরতে নিরুৎসাহিত করছে?

তিনি আরও উল্লেখ করেন, অতীতেও শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়েছিল। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতারাও দেশে ফিরতে না পারার কারণ হিসেবে শেখ হাসিনার নিষেধের কথা সামনে আনতে পারেন।
আওয়ামী লীগের নেতৃত্বের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, দলটির রাজনৈতিক অবস্থান ধরে রাখতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলেও তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে দলটির প্রচার চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কঠোর সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে এবং সজীব ওয়াজেদ জয়ও বাংলাদেশে আসার ঝুঁকি নিতে না চাইলে আগামী ডিসেম্বরে দলটির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সে পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠিত করার পথও বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস