কুমিল্লা মহানগর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল এবং কথিত নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার দাবি করেছে একটি সূত্র। তাদের দাবি, পলাতক আওয়ামী লীগ নেতা আ.ক.ম বাহারের হয়ে এসব কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ ও বিতরণের দায়িত্ব পালন করছেন আশিকুর রহমান সুজন নামের এক ব্যক্তি।
রোববার (১৫ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অভিযোগ অনুযায়ী, সুজন বর্তমানে ঢাকার বসুন্ধরা এলাকায় সিটি ব্যাংকে কর্মরত। ব্যাংকিং চ্যানেল ও হুন্ডির মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং বিতরণের সঙ্গে তিনি জড়িত বলে দাবি করা হয়েছে।
সূত্রটির দাবি, সুজনের ছোট ভাই সিহানুক কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি। তার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে সংগঠিত করে অর্থের বিনিময়ে মিছিল ও কথিত নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে। এ-সংক্রান্ত অর্থ লেনদেনের বিনিময়ে মিছিল আয়োজনের একটি স্ক্রিনশটও তাদের হাতে রয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া পলাতক আওয়ামী লীগ নেতা আ.ক.ম বাহারের মেয়ে সূচনার সঙ্গে সুজনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি গোপনে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে বাহারের সঙ্গে সুজন সাক্ষাৎ করেছেন বলেও দাবি করেছে সূত্রটি।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
অভিযোগকারী সূত্রটির দাবি, কুমিল্লা মহানগর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের ঝটিকা মিছিল বা নাশকতামূলক কর্মকাণ্ড যেন সংঘটিত হতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে আশিকুর রহমান সুজন, সিহানুক, আ.ক.ম বাহার কিংবা সিটি ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সদ্য সংবাদ/ এআর