শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই প্রধান। সেই স্বার্থ রক্ষার প্রয়োজন হলে আওয়ামী লীগকেও তিনি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হত্যা, অগ্নিসংযোগ ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তার দাবি, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ ক্ষেত্রে শেখ হাসিনার নির্দেশনা বা উসকানি রয়েছে বলেও বিশ্বাস করার কারণ আছে বলে উল্লেখ করেন তিনি।
এসব ঘটনার মধ্য দিয়ে জুলাইয়ের হত্যাকাণ্ডের স্মৃতি আবার সামনে চলে আসছে বলে মন্তব্য করেন সাবেক এই আইন উপদেষ্টা। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও বিপদের মধ্যে পড়ছেন। একই সঙ্গে দলটির প্রতি যাদের সহানুভূতি রয়েছে, তাদের পক্ষেও এখন কথা বলা কঠিন হয়ে উঠছে।
পোস্টে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার বিষয়টিও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি দাবি করেন, গত এক মাসে ব্যাংকটির প্রায় ১০০টি শাখায় ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তার ভাষ্য, ড. মুহাম্মদ ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত নন। তারপরও তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুলের মতে, গ্রামীণ ব্যাংকে হামলার মতো ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজের স্বার্থ রক্ষায় এমন পরিস্থিতি তৈরি করছেন, যার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত আওয়ামী লীগের ওপরই পড়তে পারে। এতে দলটির সাধারণ নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু শেখ হাসিনা নিজে সেই ক্ষতির মুখে পড়বেন না বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী যে দলটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, সেটি তারা কবে বুঝতে পারবেন?
সদ্য সংবাদ/এসএস