আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে পেসার নাহিদ রানাকে পাচ্ছে না বাংলাদেশ। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে চোটে পড়েন নাহিদ রানা। সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। চোটের চিকিৎসার জন্য গত মাসে অস্ট্রেলিয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন এই তরুণ পেসার।
বর্তমানে বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন নাহিদ। সম্প্রতি প্রায় দেড় মাস পর আবারও বোলিং অনুশীলনে ফিরেছেন তিনি। তবে এখনো পুরো রান-আপে নয়, সীমিত রান-আপে বোলিং করছেন। ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তাকে আরও সময় দিতে চায় টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় নাহিদকে নিয়ে বাড়তি সতর্ক বিসিবি। একই কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজেও তার ওয়ার্কলোড বিবেচনা করে ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। মূল লক্ষ্য, ধীরে ধীরে তাকে পূর্ণ ফিটনেসে ফিরিয়ে আনা।
বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নাহিদ রানার পাশাপাশি পেসার শরিফুল ইসলামেরও খেলার সম্ভাবনা কম।
অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে টেস্ট স্কোয়াডে রাখা হচ্ছে। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে পেসার মুশফিক হাসানের।
সদ্য সংবাদ/এসএস