রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে শাহ আলী সিটি মার্কেটের অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে মিরপুর-১ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়। এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কের ফুটপাত থেকেও অবৈধ দখল উচ্ছেদ করে সংস্থাটি।
অভিযান চলাকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাতের নিয়ন্ত্রণ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা থাকলেও তা সফল হতে দেওয়া হবে না।
ডিএনসিসি প্রশাসক জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করা হবে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস