রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভবনের ১৪ তলার ওই ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদ্রোগ ও বক্ষ শল্যচিকিৎসা বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।