পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তারেক রহমান।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরেই মুক্তি আসবে’ এমন মন্তব্য পরিস্থিতিকে ভিন্ন দিকে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। শ্রমিকদের কাঁধে ভর করে যারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে, তাদের প্রকৃত পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তারেক রহমান বলেন, শ্রমিকরা কখনোই নিজেদের কারখানা বন্ধ হয়ে যাক, তা চাইবেন না। সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের বেতন বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার মতে, শ্রমিকরা শেষ পর্যন্ত কাজে ফিরে যাবেন, কারণ কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারাই।
তিনি আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নীতি। কিন্তু আন্দোলনের সুযোগ নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাওয়া কিছু ব্যক্তি শ্রমিকদের সঙ্গে মিশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমানের দাবি, বর্তমান সরকার শ্রমিকদের সরকার। শ্রমিকদের সমর্থনেই এ সরকার ক্ষমতায় এসেছে এবং শ্রমিকরাই সরকারকে রক্ষা করবেন। একই সঙ্গে আন্দোলনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা ব্যক্তিদের শ্রমিকরাই প্রতিহত করবেন বলে মন্তব্য করেন আমজনতা দলের এই নেতা।
সদ্য সংবাদ/এসএস