বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে।
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখনো ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।