ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মেজ ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক ১৫ জানুয়ারি প্রজ্ঞাপনটিতে সই করেন। জনস্বার্থে জারি করা আদেশে বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগকালীন সময়ে ওমর বিন হাদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। অর্থাৎ, এ মেয়াদে তাঁকে সম্পূর্ণভাবে লিয়েন বা পেশাগত বিচ্ছিন্নতা বজায় রেখে সরকারি দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, ওমর বিন হাদি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মেজ ভাই।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে পালিয়ে যায়। তিনি মাথা ও ডান কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।